পিচ পরিবর্তনে ভুল কিছু দেখছেন না উইলিয়ামসন

মুম্বাইয়ে গতকাল ভারত-নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালের আগে বোমা ফাটিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন। ভারতের বিরুদ্ধে আইসিসির অনুমতি ছাড়া ম্যাচের পিচ পরিবর্তন অভিযোগ তোলা হয় ওই প্রতিবেদনে। এরপরই চারদিকে শুরু হয়ে যায় তুলকালাম অবস্থা। তবে ম্যাচ শেষে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, পিচের বদল তার কাছে দোষের কিছু মনে হয়নি।

পিচ পরিবর্তন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর একপর্যায়ে বাধ্য হয়ে এনিয়ে একটি বিবৃতি দেয় আইসিসি। সেখানে জানানো হয়, যা কিছু হয়েছে নিয়মের মধ্যে থেকে।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবে এনিয়ে প্রশ্নের সামনে পড়েছেন কিউই অধিনায়ক উইলিয়ামসনও। পেশাদার জায়গা থেকেই উত্তর দেন তিনি, ‘না (কোনো ভুল ছিল না)। আমি বোঝাতে চাচ্ছি, হ্যাঁ ব্যবহৃত উইকেটে খেলা হয়েছে। কিন্তু খুব দারুণ ছিল। আমরা সবাই দেখতে পেয়েছি, তারা (ভারত) প্রথম ইনিংসে প্রচুর রান করেছে। কন্ডিশন কৃত্রিম আলোয় কিছুটা পরিবর্তন হয়েছে। এটা পুরো প্রতিযোগিতায় আমরা দেখেছি।’

ওয়াংখেড়েতে কাল ম্যাচ হওয়ার কথা ছিল ৭ নম্বর পিচে। কিন্তু ভারতের চাওয়ার কারণে শেষ মুহূর্তে ৬ নম্বর পিচে খেলার সিদ্ধান্ত হয়। যেখানে এর আগে দুটি ম্যাচ হয়েছিল। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ভারত-শ্রীলঙ্কা খেলেছিল ম্যাচ দুটি। দুই ম্যাচেই রান হয়েছে সাড়ে তিনশর বেশি।

ব্যবহৃত পিচে সেমিফাইনালের ম্যাচ হওয়া এবারই প্রথম নয়। গত বছর অস্ট্রেলিয়ায় দুটি সেমিফাইনালই হয়েছিল ব্যবহৃত পিচে। নতুন পিচে খেলতেই হবে, এমন কোনো রীতি নেই। এটা নির্ভর করে সেখানকার মাঠ সংশ্লিষ্টদের ওপর।