গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন এ দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় রেডিমিক্সড পরিবহনের একটি গাড়ি সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।
এছাড়াও ওই দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়কের ওপর উল্টে যাওয়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।