আবার গার্লস স্কোয়াড 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন মেয়ে ঢাকা শহরে আসেন। তারা একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন। তাদের স্বপ্ন যে কোনোভাবে বড়লোক হওয়া। এজন্য বড়লোক ছেলেদের প্রেমের ফাঁদে ফেলতে থাকে। এমন ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল ‘গার্লস স্কোয়াড’। ২০২১ সালে প্রথম সিজন প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলে নেট দুনিয়ায়। পরের বছর আবার দ্বিতীয় সিজনটিও দর্শক পছন্দ করেন। সাফল্যের ধারাবাহিকতায় আরও জমজমাট গল্পে নতুন আয়োজনে আসছে ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩। 

‘গার্লস স্কোয়াড’ সিজন ৩ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, সামিরা খান মাহি, রুকাইয়া জাহান চমক, সেমন্তী সৌমি, শামিমা আফরিন অমি, জেরিন, স্বর্ণলতা, ইমন, মারজুক রাসেল, চাষী আলম, আনন্দ খালেদ, মেহেদী হাসান হৃদয় প্রমুখ। 
নতুন সিজনে দেখা যাবে, ‘গার্লস স্কোয়াড’র এক সদস্যের বিয়ে। সেই বিয়েকে কেন্দ্র করে ঘটতে থাকে মজা এবং নানা ধরনের ফাঁদে পড়ার গল্প। নির্মাতা জানান, লোভে পাপ, পাপে মৃত্যু! এই বার্তাটি নাটকীয়ভাবে দিতে চেয়েছেন। 
আগের দুই সিজন থেকে দর্শকদের প্রচুর রেসপন্স পেয়েছেন উল্লেখ করে মাইদুল রাকিব বলেন, ঢাকা, কক্সবাজার থেকে দেশের বাইরে যেখানে গিয়েছি সেখানে দর্শক ‘গালর্স স্কোয়াড’র কথা বলেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক যেমন ছেলে দর্শকদের মধ্যে নতুন আমেজ তৈরি করেছিল, ‘গার্লস স্কোয়াড’ তেমন মেয়েদের মধ্যে আমেজ তৈরি করেছে। হোটেল রিলাক্স এর আগে পর্যন্ত বঙ্গ অ্যাপের সর্বোচ্চ হিট কনটেন্ট ছিল এটি। তাছাড়া এতে যারা আগে কাস্টিং তারা প্রত্যেকেই নিজেদের চরিত্রের নামে পরিচিতি পেয়েছেন। 

নতুন সিজনে সিরিয়ালটির গল্প যেহেতু একটি বিয়েকে কেন্দ্র করে, তাই বাগদানের ছবি প্রকাশ করেছিলেন অভিনেত্রী নাবিলা। নির্মাতা জানান, যেহেতু নাবিলার বিয়ে নিয়ে গল্প এ কারণে দর্শকদের আগ্রহ তৈরির কারণে নাবিলার বাগদানের আংটির একটি ছবি ফেসবুকে ছাড়েন। এটি ছিল প্রচারের অংশ। 

নাবিলা বলেন, প্রথম সিজনে মারজুক ভাইয়ের সঙ্গে আমার প্রেম দেখানো হয়েছিল। নতুন এই সিজনে তার এবং আমার বিয়ের বিষয় উঠে আসবে। গল্পটা যেহেতু এটাই, তাই বাগদানের আংটি হিসেবে পোস্ট করেছিলাম। ওটা ছিল স্রেফ দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্যই। প্রথম সিজনে দর্শকদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছিলাম। আশা করছি, নতুন সিজনটিও জমে যাবে।

রুকাইয়া জাহান চমক বলেন, নতুন এই সিজনে ক্রিকেট নিয়ে মজার বিষয় থাকবে। আমার বিশ্বাস, দর্শক আগের সিজনগুলোর মতো এটিও পছন্দ করবেন। 

নির্মাতা মাইদুল রাকিব জানিয়েছেন, টিটি প্ল্যাটফর্ম বঙ্গ অ্যাপে ২৪ নভেম্বর থেকে প্রচারে আসবে ‘গার্লস স্কোয়াড’ সিজন ৩।