সড়ক আটকালেন নেতাকর্মীরা, বক্তব্য দিলেন পরিকল্পনামন্ত্রী

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় সুনামগঞ্জের পাগলা বাজারে আনন্দ মিছিল করেছে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। এই আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে যোগদেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তবে আনন্দ মিছিল বের করার আগে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে দাঁড়িয়ে মিছিলে আগতদের উদ্দেশ্যে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী। সেই বক্তব্যের সময় সুনামগঞ্জ-সিলেট রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে ছোটবড় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

সিলেটে উদ্দেশ্য রওনা হওয়া মালেক হোসেন বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আনন্দ মিছিল হবে ভালো কথা, কিন্তু সড়ক বন্ধ করে সভা করা ঠিক না।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর বলেন, তফসিল ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আনন্দ মিছিল করেছি। তবে আনন্দ মিছিল বের করার আগে পরিকল্পনামন্ত্রী সকলের উদ্দেশ্য বক্তব্য রাখেন। সেই সময় আমরা সড়কের একপাশে দাঁড়িয়ে আরেক দিক ফাঁকা রাখার চেষ্টা করেছি যাতে যানজট সৃষ্টি না হয়। তারপরও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। আগামীতে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এ ব্যাপারে সর্তক থাকব।