সুনামগঞ্জের মধ্যনগরে জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের নূরে আলম জিকু ও জলুসা গ্রামের উজ্জল মিয়ার লোকজনের মধ্যে খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা মোকদ্দমা চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আমজোড়া গ্রামের নূরে আলম জিকু ও জলুসার উজ্জল মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুষা গ্রামের লোকজন হাওরে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে টেঁটাবিদ্ধ ৭ জনসহ উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মধ্যনগর থানার এসআই উৎপল কুমার সাহা বলেন, দুপক্ষের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবত চলমান আছে। এঘটনার আগেও তারা বেশ কয়েক বার সংঘর্ষে লিপ্ত হয়েছিলো। জায়গাসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।