জনগণের আন্দোলনের জোয়ারে কর্তৃত্ববাদী সরকার ও পুতুল নির্বাচন কমিশন ও অবৈধ তফসিল ভেসে যাবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন গণফোরাম নেতারা।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক এক যৌথ বিবৃতিতে গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দেশ ও জাতিকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঢেলে দিয়েছে।
তারা বলেন, যখন সমগ্র জনগণ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ঐক্যবদ্ধ সেখানে এই তফসিল ঘোষণা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তফসিল ঘোষণার পরে দেশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এই দায়ভার ক্ষমতাসীন শেখ হাসিনা সরকার ও দলদাস নির্বাচন কমিশনকে নিতে হবে।
নেতৃদ্বয় আরও বলেন, শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের গণবিরোধী তফসিল আমরা প্রত্যাখ্যান করছি এবং বাংলাদেশের জনগণও এই তফসিল বয়কট করেছে। বিরোধী মতের নেতাকর্মীদের উপর নির্বিচারে হামলা-মামলা, গ্রেপ্তার, পাক হানাদার বাহিনীর মতো ঘরে ঘরে তল্লাশি ও নিপীড়ণ-নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে আওয়ামী লীগ সরকার।’ এমন পরিস্থিতিতে সরকারের প্রেসক্রিপশনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে দেশকে ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে।
তারা বলেন, অবিলম্বে দেশে শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারকে পদত্যাগ ও নির্বাচন কমিশনকে ভিত্তিহীন তফসিল বাতিল করতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের আন্দোলনের জোয়ারে কর্তৃত্ববাদী সরকার ও পুতুল নির্বাচন কমিশন ও অবৈধ তফসিল ভেসে যাবে।