আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঠিক রেখে তফসিলের অন্যান্য দিনগুলো সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। পাশাপাশি নির্বাচন কমিশনকে (ইসি) সবার প্রতি সমান আচরণ করার আহ্বান জানিয়েছে তারা।
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আচরণবিধি প্রতিপালন নিয়ে সিইসির সঙ্গে কথা বলেছি। এছাড়া প্রবাসী ভোটার, নির্বাচনি পরিবেশ ও গণভোট নিয়ে আমাদের প্রস্তাবনা দিয়েছি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, দেশ এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দাবি জানিয়েছি, নির্বাচন যেন যথাসময়ে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে। একটি রাজনৈতিক দল ‘না’ ভোট দিতে ক্যাম্পেইন করছে, তবে আমরা জনগণের প্রতি আহ্বান জানাই—দেশের সংস্কারের জন্য ‘হ্যাঁ’ ভোট দিন।
