দায়িত্ব নিয়েই ইউক্রেনে আকস্মিক সফরে ক্যামেরন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই আকস্মিক সফরে ইউক্রেনে উড়ে গেলন ডেভিড ক্যামেরন। তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভে বৈঠক করেছেন।

কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু বেক্সিট ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে গত সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভায় রদবদল আনলে ডেভিড ক্যামেরনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পাওয়ার পর ইউক্রেনে এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর। বৃহস্পতিবার (১৬) এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জেলেনস্কির সঙ্গে বৈঠকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভের প্রতি লন্ডনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ক্যামেরন। তিনি ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের নৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, সর্বোপরি সামরিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্য অব্যাহত সমর্থন করায় ক্যামেরনকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। মধ্যপ্রাচ্যে চলমান গাজা সংকটের মধ্যে ক্যামেরুনের এই সফরের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘সফরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়ে, যখন বিশ্ব শুধু ইউক্রেনের যুদ্ধের দিকেই তাকিয়ে থাকছে না।’

জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। যুক্তরাজ্যে ইউক্রেনের আশ্রয়প্রার্থীদের সাদরে গ্রহণের জন্যও আমরা কৃতজ্ঞ। এবং ইউক্রেন সফরে আপনি আসায় আমরা অনেক খুশি হয়েছি।’