পুটেকেটেকে, চোখা ঠোটের হাঁস প্রজাতির এই পাখিটি অস্ট্রেলিয়ান ক্রেস্টেড গ্রেবে নামেও পরিচিত। মাথায় কালো ঝুঁটি এবং গলার দিকে উজ্জ্বল বাদামি-কালো কেশরের চমৎকার এই পাখিটি নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দির সেরা পাখি নির্বাচিত হয়েছে।
গত বুধবার প্রাণী সংরক্ষণ বিষয়ক অলাভজনক সংস্থা ফরেস্ট অ্যান্ড বার্ডস পুটেকেটেকে পাখিকে শতাব্দির সেরা পাখি হিসেবে ঘোষণা করে।
পাখিটিকে নির্বাচনে জয়ী করতে জোর প্রচারণা চালান ব্রিটিশ-আমেরিকান কমেডি তারকা জন অলিভার। এই পাখির পক্ষে প্রচারণায় অলিভার বলেছিলেন, ‘দুনিয়ার যেকোনো পাখির চেয়ে পুটেকেটেকে বার্ড অব দ্য সেঞ্চুরি হওয়ার যোগ্য, কী সুন্দর পাখি দেখুন, এরা কী সুন্দর করে গলা থেকে রঙিন রঙিন মাছ উগড়ে দিয়ে ছানাদের খাওয়ায়, দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে।’
এমন প্রচারণায় ভোটের ফলাফল দিতে দুই দিন দেরী হয়েছে! কারণ আয়োজকরা জানায় এত এত ভোট পড়ছিল যে সাময়িকভাবে তাদের অনলাইন ভোটিং সার্ভার বন্ধ হয়ে গিয়েছিল ভোটারের চাপে!
ফরেস্ট অ্যান্ড বার্ডস জানায়, শতাব্দির সেরা পাখির ভোটাভুটিতে মোট ৩ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। আর ২ লাখ ৯০ হাজারের মতো বিপুল ভোটে জয়ী হয় পুটেকেটেকে।