গাইবান্ধায় কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রমজান আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি শফিকুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। এর আগে দুপুরে অভিযান চালিয়ে জেলার সাঘাটা উপজেলার পদুম শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। 

এর আগে গত (১৪ নভেম্বর) মঙ্গলবার জমি নিয়ে বিরোধে গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের রমজান আলী (৫৫) নামের এক কৃষককে পিঠিয়ে হত্যা করে শফিকুল ইসলাম। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম শফিকুল ইসলামসহ ৯ জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,দীর্ঘদিন থেকে রজমান আলী তার শ্বশুরের জমি বর্গা চাষ করতেন। সম্প্রতি এ নিয়ে চাচাতো শ্যালক শফিকুল ইসলামের সঙ্গে মনোমালিন্য চলছিল। মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে হালচাষ করতে যায় রমজান আলী । এ নিয়ে শ্যালক ও দুলাভাইয়র মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শ্যালক শফিকুল ইসলাম তার দুলাভাইকে মারপিট করে। এসময় রমজান আলী ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, কৃষক হত্যা মামলার ঘটনায় শফিকুল ইসলামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।