এখন থেকে পাকিস্তানি নারীরা মাহরাম ছাড়াই পবিত্র হজ পালন করতে পারবেন। বৃহস্পতিবার দেশটির একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এরই মধ্যে ‘শর্তসাপেক্ষে’ নারীদের মাহরাম ছাড়া হজ পালনের অনুমোদন দিয়েছে।
হজ মন্ত্রণালয়ের লিখিত প্রশ্নের জবাবে কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি বলেছে, হজের সফর ও হজ নষ্ট হওয়া কিংবা ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো আশঙ্কা নেই- এমন নারী মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন। কাউন্সিল জানিয়েছে, জাফরিয়া, মালিকি ও শাফিঈ ফিকাহ শাস্ত্রে নারীর মাহরাম ছাড়া হজ করার সুযোগ আছে। এক্ষেত্রে নির্ভরযোগ্য কোনো নারীকে সফরসঙ্গী হিসেবে পেতে হবে। কিন্তু নারীর যদি বাবা-মা জীবিত থাকেন কিংবা বিবাহিত হন, তাহলে তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি আরও জানিয়েছে, তবে হানাফি ও হাম্বলি ফিকাহ শাস্ত্রে মাহরাম না থাকলে নারীর ওপর হজ ফরজ হয় না। ২০২২ সালে মাহরাম ছাড়াই নারীদের হজ বা ওমরাহর অনুমতি দেয় সৌদি আরব। সৌদি কর্র্তৃপক্ষের এমন ঘোষণা নারীদের হজ পালনে ইতিবাচক ভূমিকা রাখার কথা বলা হলেও তা নিয়ে বিতর্ক থামেনি। এরপর থেকে বিভিন্ন দেশ থেকে মাহরাম ছাড়া নারীরা হজ ও ওমরায় যাওয়া শুরু করেন।