হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মিনা 

আপডেট : ২৫ মে ২০২৬, ০৫:০২ পিএম

পবিত্র হজে বিশ্বের নানা দেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান নিয়েছেন। হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনা প্রান্তর। 

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশে সোমবার ( ২৫ মে) ‘ইয়াওমুত তারবিয়া’ (তারবিয়ার দিন) পালনের জন্য হাজিরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন।

এ বছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হাজিদের মক্কায় সমবেত হয়েছেন। তাদের সঙ্গে সৌদি আরবের আরও কয়েক লাখ হজযাত্রী যোগ দেবেন। খবর সৌদি গেজেট, আরব নিউজ 

ছবি: সংগৃহীত

হজের নিয়ম অনুযায়ী, আজ সারাদিন এবং রাত মিনায় ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পার করবেন হাজিরা। এরপর আগামীকাল মঙ্গলবার (২৬ মে ও আরবী তারিখ ৯ জিলহজ) ফজর নামাজের পর হাজিরা মিনা থেকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন আদায়ের লক্ষ্যে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা হজের খুতবা শুনবেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন। সূর্যাস্তের পর হাজিরা পরবর্তী গন্তব্য মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন।

বুধবার (স্থানীয় তারিখ ১০ জিলহজ) পশু কুরবানির মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর হাজিরা কাবা শরীফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করবেন।

এ বছর হজের দিনগুলোতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড গরমের সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ। তাপমাত্রা ৪৭  থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত