আলো জ্বলল তমিজির বাড়িতে

ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাসহ বিভিন্ন মামলা থাকায়  হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের  গুলশানের বাসায় বৃহস্পতিবার রাত ৯ টা থেকে অভিযান চালায় র‍্যাব ১।

রাত ১১ টার কাছাকাছি সময়ে হঠাৎই বন্ধ হয়ে যায় বাড়িটির বিদ্যুৎ সংযোগ। তবে একই সময়ে পাশের ভবন গুলোতে সচল ছিল বিদ্যুৎ সংযোগ। প্রায় দেড় ঘন্টা পর আবারও বিদ্যুৎ সংযোগ সচল হয়ে আলো জ্বলতে দেখা গেছে গুলশান ২ এর বাড়িটিতে। তবে মাঝের সময়টিতে কেন বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি।

হক গ্রুপের এই চেয়ারম্যানের বাসায় অভিযান চালালেও তাকে গ্রেফতার না করেই অভিযান সমাপ্ত করেছে র‍্যাব। 

এ বিষয়ে র‍্যাব জানায়, নিজেকে আত্মহত্যার হুমকি দেওয়ায় আদম তমিজি হককে গ্রেফতার করা হয়নি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার অল মঈন বলেন, আদম তমিজি হকের বাসায় আমরা অভিযান চালিয়েছি। অভিযানের মুখে গ্রেফতার করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তমিজি। এমন কি নিজের স্ত্রীকে হত্যারও হুমকি দিয়েছেন। পাশাপাশি আমরা অভিযানে গিয়ে দেখেছি একজন বিদেশি নাগরিক তার বাসায় অবস্থান করছেন। তিনি তার বন্ধু বলে জেনেছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেফতার করিনি। তবে বাড়িটি ঘিরে র‍্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে।