আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ: ডিবি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক মানসিকভাবে সুস্থ না বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সে (তমিজী) এখনও মানসিকভাবে সুস্থ না। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে। 

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে তিনি। 

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আদম তমিজী হককে আটক করে গোয়েন্দা পুলিশ।

সাংবাদিকদের হারুন অর রশীদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথা লিখছিলেন। যার কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তাকে গ্রেপ্তারের পর তার আচারণ ও কথাবার্তায় তার সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়। সে মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাকে রিহ্যাবে ভর্তি করিয়ে বিষয়টি আদালতে জানানো হয় যে, তার এলোমেলো কথাবার্তায় ডিবির মনে হয়েছে তার চিকিৎসার প্রয়োজন। 

পরবর্তীতে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়। মানসিক হাসপাতালে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের সামনে তাকে  হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন। যা আমরা আদালতে জানাবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত