বিশ্বকাপ ব্যর্থতার রেশ কাটার আগেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে ক্রিকেটারদের। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ড দলের অনেকেই আছেন বাংলাদেশে টেস্ট সিরিজের দলে। তবে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া বাংলাদেশ দলের বিশ্বকাপ দল থেকে বেশ কয়েকজনকেই দেখা যাবে না টেস্টে। চোটের কারণে সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ আগেই নিজেদের সরিয়ে নিয়েছেন, সবশেষ বুধবার রাতে পারিবারিক কারণে ছুটি চেয়েছেন লিটন দাস। প্রথমবারের মতো বাবা হওয়ার খুব কাছাকাছি সময়ে লিটন, এই সময়টা স্ত্রীর পাশে থাকতেই ছুটির আবেদন করেছেন তবে এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে পা রাখবে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের। গত দুটো চক্রেই বাংলাদেশ ৯ দলের ভেতর হয়েছে নবম। ২০২২ সালের প্রথম প্রহরে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়া টেস্ট জিতে যে চমক দেখিয়েছিল বাংলাদেশ, বছরের পরের সময়ে সেসব আর দেখা যায়নি। ১২ টেস্টে ১ জয়, ১০ হার আর মাত্র ১ ড্র নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। তৃতীয় চক্রে এবার শুরুতেই সেই নিউজিল্যান্ড এবং দেশের মাটিতে। সূচি ঘোষণার সময়ের জয়ের একটা সম্ভাবনা জাগলেও কিউইদের খেলোয়াড় তালিকা আর বাংলাদেশের একের পর এক শীর্ষ ক্রিকেটারের সরে দাঁড়ানোর ধারায় ভালো করার সম্ভাবনা কমে আসছে।
বিশ্বকাপেই বাংলাদেশের শেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় আঙুলের চোট পাওয়ায় আগেভাগেই দেশে ফিরে আসেন। অবশ্য সুস্থ থাকলেও বিশ্বকাপের পর টেস্ট সিরিজটি তিনি খেলতেন কি না সেই প্রশ্নও আছে, ২০১৯ বিশ্বকাপে ব্যক্তিগত সাফল্যের পর শ্রীলঙ্কা সফরের ৩ ওয়ানডে খেলেননি সাকিব। বিশ্বকাপের আগে তামিম ইকবালকে কেন্দ্র করে যে সব ঘটনা ঘটেছে, এরপর জাতীয় দলে তামিম খেলবেন কি না সেটাও খোলাসা করেননি। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে তামিম বলেছিলেন, ‘জানি না খেলব কি খেলব না সামনে। যদি খেলি তাহলে মাঠে দেখবেন, আর যদি না খেলি তাহলে তো একই।’ তামিম এখনো বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার, তবে পিঠের ব্যথার কারণে আফগানিস্তানের বিপক্ষে এই বছর টেস্টে খেলেননি। খেলেছেন শুধুই আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে, দুই ইনিংসে করেছেন যথাক্রমে ২১ ও ৩১ রান। জাতীয় ক্রিকেট লিগেও চট্টগ্রাম বিভাগের হয়ে খেলছেন না তামিম। এই বছর মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা তামিম টেস্ট খেলতে কতটা সামর্থ্য রাখেন বর্তমানে সেটাও বড় প্রশ্ন।
তাসকিন আহমেদও খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপেই তার কাঁধের পুরনো ব্যথাটা বেড়েছে। বিসিবির মেডিকেল বিভাগ তাসকিনকে লম্বা সময়ের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চোট সামলে খেললেও টানা খেলতে পারছেন না এই পেসার। তাই কিছু সময় মাঠের বাইরে থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষে তাকে ফেরানোর উদ্যোগ।
আগে থেকেই চোটে পড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেনও খেলতে পারবেন না আসন্ন সিরিজে।
এই তিনের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন লিটনও। কাগজে কলমে সাকিব এখনো বাংলাদেশের টেস্ট অধিনায়ক, লিটন তার ডেপুটি। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেননি সাকিব, সেই ম্যাচে তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন লিটন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের নেতৃত্বেই আফগানদের বিপক্ষে ৫৪৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত একটি টেস্টে সাকিব লিটন দুজনের কেউই থাকছেন না। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘গতকাল (বুধবার) লিটন ছুটির জন্য আবেদন করেছেন। পারিবারিক কারণে ছুটি চেয়েছেন। আমরা এখনো কোনো কিছু জানাইনি।’ বুধবার রাত ৯:২৭ মিনিটে কন্যা সন্তানের বাবা হন লিটন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সন্তান ও স্ত্রী সুস্থ আছে বলে জানান।
বাংলাদেশের ক্রিকেটারদের অনেকেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে আন্তর্জাতিক সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অতীতে। ২০১৯ সালে ভারত সফরে যাননি তামিম ইকবাল, সে সময় তিনি দ্বিতীয়বারের মতো বাবা হন। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি সাকিব, সে সময় তিনি যুক্তরাষ্ট্রে তৃতীয় সন্তানের আগমনের সময় স্ত্রীর পাশে থাকতে গিয়েছিলেন। এশিয়া কাপের মাঝপথে একই কারণে দেশে এসেছিলেন মুশফিকুর রহিমও, নাজমুল হোসেন শান্তর আসার অনুমতি থাকলেও নির্ধারিত সময়ের আগেই তিনি পিতৃত্বের স্বাদ পান। তাই এই কারণে তাকে আর দেশে আসতে হয়নি, যদিও চোটের কারণেই দুই ম্যাচ পর তাকে দেশে ফিরতে হয়েছিল। লিটন না খেললে ডাক পেতে পারেন নুরুল হাসান সোহান। চলতি জাতীয় লিগে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৯ ইনিংসে ৪৩৫ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সেঞ্চুরি দুটি, সর্বোচ্চ ১৩৪ রান। এখন পর্যন্ত ৯ টেস্ট খেলা সোহান সবশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের শেষে, ভারতের বিপক্ষে।