গত বুধবার বাবর আজম দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্টের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। দায়িত্ব পেয়ে আফ্রিদি জানিয়েছেন, মাঠের ক্রিকেটে পাকিস্তানের গৌরব ধরে রাখতে কাজ করবেন তিনি।
‘পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্ব পেয়ে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই’ টুইটারে লিখেছেন আফ্রিদি। যোগ করেছেন, ‘আমি দলের চেতনা এবং ক্রিকেট মাঠে আমাদের দেশের গৌরব ধরে রাখতে আমার সেরাটা দেব। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই আমাদের সাফল্য নিহিত। আমরা শুধু একটি দল নই; আমরা সবাই ভাই, এটি একটি পরিবার। চলো আমরা একসঙ্গে জেগে উঠি।’ অধিনায়ক হিসেবে আফ্রিদির প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ডে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।