ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা থেকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী লাতিফুল শেখকে। বৃহস্পতিবার পুলিশি হেফাজত চেয়ে তাকে দুর্গাপুর আদালতে পাঠানো হয়। দুর্গাপুর আদালতের বিচারক অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসইপি দুর্গাপুর তথাগত পাণ্ডে বলেন, ‘নির্যাতিতার মায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর মা জানিয়েছেন, তাঁর মেয়েকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরাল করা হয়েছে।’
নির্যাতনের শিকার কিশোরীর মায়ের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত প্রতিবেশী। সেখানে ভুক্তভোগীকে জোর করে পানির সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে অচৈতন্য করে। এরপর ওই অবস্থায় ধর্ষণ করে ওই প্রতিবেশী। শুধু তাই নয়, সেই ধর্ষণের ভিডিও, ছবি ক্যামেরাবন্দি করেও রাখা হয়।
ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে ভয়ে বাড়িতে কিছু না বললেও দাদির বাড়িতে চলে যায়। ধর্ষণের ঘটনাটি তিনি জানতে পারেন প্রতিবেশীর মোবাইল ফোন থেকে। প্রতিবেশীর মোবাইলে নিজের মেয়ের ধর্ষণের ভিডিও দেখে আঁতকে ওঠেন তিনি। ভুক্তভোগীকে জিজ্ঞাসা করলে সে সব কথা খুলে বলে। পরে কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সূত্র: ইটিভি ভারত