শিশুর ধর্ষককে নপুংসক করার বিধান রেখে আলাবামায় আইন পাস

আপডেট : ১১ জুন ২০১৯, ০৯:০৮ পিএম

শিশু ধর্ষণের শাস্তি হিসেবে ব্যতিক্রমী এক আইন পাস করেছেন যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের নারী গভর্নর কে আইভি। ধর্ষক এখন থেকে প্যারোলে মুক্তি পাবেন, তবে একটি শর্তে। এক মাস আগে ওষুধ প্রয়োগের মাধ্যমে তাকে নপুংসক করে দেওয়া হবে।

আলাবামার প্রভাবশালী পত্রিকা অ্যানিস্টোন স্টার তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, সোমবার গভর্নর আইভি বিলটিতে সই করেন। সামনের তিন মাসের মধ্যে এটি কার্যকর করা হবে। তবে ওষুধ প্রয়োগের নিয়মটা কী হবে, সেটি শুধু চূড়ান্ত হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে এই শাস্তির আওতায় আসবেন একজন অপরাধী। নপুংসক করতে ওষুধ প্রয়োগের বিষয়টি পরিচালনা করবে রাজ্যটির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ। ওষুধ প্রয়োগের দিনগুলোতে যতদিন অপরাধী নপুংসক না হবেন, ততদিন ব্যয়ভার ওই ব্যক্তিকে বহন করতে হবে। আদালত থেকে নপুংসক হওয়ার ঘোষণা আসলেই ওষুধ দেওয়া থামানো হবে।

আইনে বলা হয়েছে, একজন বিচারক এবং একজন চিকিৎসক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অপরাধীকে অবহিত করবেন। যেকোনো সময় তিনি ওষুধ গ্রহণ বন্ধ করতে পারবেন, তবে সেটি করতে চাইলে তাকে কারাগারে থেকে যেতে হবে। প্যারোল মিলবে না।

যুক্তরাষ্ট্রে বিগত বছরগুলোতে শিশু ধর্ষণের হার বেড়েছে। শুধু ২০১৬ সালে দেশটিতে ৫৭ হাজার শিশু যৌন হেনস্তার শিকার হয়। এর মধ্যে ৯৩ শতাংশ শিশুই ধর্ষকের পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত