বড়দের হারের দিনে জয় পেল জুনিয়র আর্জেন্টাইনরা

ভোরে উরুগুয়ের কাছে হারতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তবে তাদের উত্তরসূরীরা বিকেলে জয় পেয়েছে। হার দিয়ে আসর শুরু করলেও পরবর্তী দুই ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোয় পা রেখেছে আলবিসেলেস্তে তরুণরা। পোল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

আর্জেন্টিনার হয়ে এদিন একটি করে গোল পেয়েছেন অ্যাজাকুয়েল লাপলেস, ফ্যাবিয়ান রুবার্ত, মার্টিন সুবিয়াব্রে এবং সান্তিয়াগো লোপেজ। ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা, সেনেগাল এবং জাপান দুটি করে ম্যাচ জেতে। একইসঙ্গে সমান পয়েন্ট পেলেও ‘গোল ব্যবধান’ পয়েন্ট টেবিলের শীর্ষে রেখেছে আলবিসেলেস্তেদের। গ্রুপে শুধু পোল্যান্ড কোনো জয় পায়নি।

ইন্দোনেশিয়ার জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। গোল না পেলেও ম্যাচজুড়ে সমান পাল্লা দিয়ে লড়েছিল পোল্যান্ড। ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার লিড ছিল ১-০ ব্যবধানে। ৩৩তম মিনিটে তাদের এগিয়ে দেওয়া গোলটি করেন লাপলেস। দিয়েগো প্লেসেন্তের শিষ্যরা গোল পেলেও প্রথমার্ধ জুড়ে তাদের আটকে রেখেছিল পোলিশ ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন তরুণরা আরও আগ্রাসী হয়ে ওঠেন। বিরতির পর প্রথম মিনিটেই লিড ব্যবধান দ্বিগুণ করেন রবার্ত। এরপর ৫১ এবং ৮৫ মিনিটে আরও দুই গোল করেন সুবিয়াব্রে ও লোপেজ।

অন্য ম্যাচে জাপান ২-০ ব্যবধানে সেনেগালকে হারায়।