বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পশুর নদের ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ৮০০ টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী। তবে জাহাজটি পশুর নদের পূর্বপাড়ের চরকানা এলাকার চরের অংশে ডোবায় মোংলা বন্দরের মূল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও ডুবে যাওয়া কার্গো জাহাজটির মালিক বশির হোসেনের ভাষ্যমতে, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে এমভি প্রিন্স অব ঘষিয়াখালী যশোরের নওয়াপাড়া উদ্দেশ্যে রওনা হয়। এরপর শুক্রবার সকালে পশুর নদের পূর্বপাড়ের অংশের একটি ডুবোচরের ঘষায় তলা ফেটে চরে আটকে যায় জাহাজটি। এ সময় জাহাজটিকে যথাসম্ভব ভাসিয়ে রাখতে এটির মাস্টার গতি বাড়িয়ে চরের ওপরের দিকে উঠিয়ে দিতে চেষ্টা করেন। তারপরও শেষরক্ষা হয়নি জাহাজটির। ভাটায় জাহাজের সামনের ও পেছনের অংশ দেখা গেলেও জোয়ারের সময় ডুবে থাকছে বাকি বেশিরভাগ অংশই। জাহাজটিতে থাকা ১২ জন স্টাফ দুর্ঘটনার সময় সাঁতরে কূলে উঠতে সক্ষম হন। ডুবে যাওয়া জাহাজটিতে ৮০০ টন জ্বালানি কয়লা রয়েছে বলে তারা জানান।
জাহাজটির মালিক বশির হোসেন বলেন, ‘ডুবোচরে আটকে তলা ফেটে গেলে জাহাজের মাস্টার (চালক) দ্রুত চালিয়ে জাহাজটি চরকানার চরে উঠিয়ে দেন। দুর্ঘটনায় জাহাজসহ পরিবহন করা কয়লার বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।’