গাজায় দৈনিক ২ ট্রাক জ্বালানি ঢুকতে দেবে ইসরায়েল

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর থেকে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কঠোর অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। বিদ্যুৎ, পানি, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে চরম দূর্ভোগে দিন কাটাচ্ছে গাজাবাসীরা।

তবে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় দিনে দুই ট্রাক জ্বালানি ঢুকতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। মূলত যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের চাপে দিনে দুটি জ্বালানি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে তারা।

শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ বার্তাসংসংস্থা বিবিসি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, প্রতি দুই দিনে গাজায় প্রায় ১ লাখ ৪০ হাজার লিটার জ্বালানি তেল প্রবেশের অনুমতি দেওয়া হবে।

এই জ্বালানি তেলের বেশির ভাগই মানবিক সহায়তা দেওয়ার ট্রাক চলাচল, যুদ্ধবিধ্বস্ত গাজায় পানি ও স্যানিটেশনের সুবিধা দেওয়ার জন্য জাতিসংঘকে দেওয়া হবে। বাকিটা ব্যবহার করা হবে মুঠোফোন ও ইন্টারনেট পরিষেবা নির্বিঘ্ন রাখার জন্য।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় জ্বালানি সরবরাহের এ সিদ্ধান্ত সপ্তাহখানেক আগেই নেওয়া হলেও ঘোষণা করতে দেরি হওয়ার পেছনে দুটি কারণ ছিল।

কারণ গাজার দক্ষিণাঞ্চলে জ্বালানি মজুদ শেষ হয়নি বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা। এছাড়া এই সুবিধা দেওয়ার বিনিময়ে হামাসের হাতে আটক কিছু বন্দীর মুক্তি নিশ্চিত করতে চেয়েছিল ইসরায়েল।

তবে গত বৃহস্পতিবার ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) এই বলে সতর্ক করে যে চরম জ্বালানিসংকটের কারণে গাজায় তাদের সব কার্যক্রম বন্ধ হতে বসেছে। এর পরপরই গাজায় জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়ার কথা জানাল ইসরায়েল।