ইউরোতে খেলার আশা বাঁচিয়ে রাখতে আয়ারল্যান্ডের দরকার হার!

শিরোপা ঘরে তুলতে কিংবা কোনো প্রতিযোগিতায় পরের ধাপে যেতে জয়ই থাকে যেকোনো দলের মুখ্য চাওয়া। কিন্তু এবার ব্যতিক্রমী এক সমীকরণের সামনে দাঁড়িয়ে আয়ারল্যান্ড। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হার প্রয়োজন তাদের!

২০২৪ সালের ইউরো অনুষ্ঠিত হবে জার্মানিতে। এর জন্য এখন চলছে বাছাই পর্ব। সেখান থেকে প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি জায়গা করে নেবে আসছে আসরের মূল পর্বে। তবে বাকিদের জন্যও থাকবে সুযোগ।

সবশেষ উয়েফা নেশন্স লিগের র‍্যাঙ্কিং বা পারফরম্যান্স অনুযায়ী ১২টি দল আরেকবার সুযোগ পাবে প্লে-অফ রাউন্ড খেলার। সেখান থেকে মূল পর্বে যাবে আরও ৪ দল।

সরাসরি মূল পর্বে যাওয়ার সুযোগ শেষ আয়ারল্যান্ডের। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে থাকা ফ্রান্স আগেই পেয়ে গেছে টিকেট। পয়েন্ট টেবিল অনুযায়ী, দ্বিতীয় দল হিসেবে সরাসরি যাওয়ার সম্ভাবনা বেশি গ্রিস আর নেদারল্যান্ডের থেকে যে কারো। কারণ দুই দলেরই সমান পয়েন্ট ১২ করে।

প্লে-অফে খেলার জন্য জটিল এক সমীকরণের সম্মুখীন এখন আয়ারল্যান্ড। তাদের পয়েন্ট মাত্র ৬। তারা যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয় তাহলে গ্রিসের কোয়ালিফাই করার সম্ভাবনা বেড়ে যাবে। তবে আয়ারল্যান্ড যদি নেদারল্যান্ডসের কাছে হেরে বসে তাহলে ডাচদের দ্বিতীয় হয়ে ইউরোর টিকেট পেয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। সেক্ষেত্রে সমান ৭ ম্যাচে গ্রিসের চেয়ে এগিয়ে যাবে নেদারল্যান্ডস।

এখানেই মূল সমীকরণ। ১২টি দল পূর্ববর্তী নেশন্স লিগের র‍্যাঙ্কিং অনুযায়ী প্লে অফ খেলবে। আর তাতে আয়ারল্যান্ডের অবস্থান গ্রিসের থেকে বেশ উপরে রয়েছে। তাই গ্রিসের আগে আয়ারল্যান্ডকে বেছে নেওয়া হবে প্লে অফের জন্য। আর যদি নেদারল্যান্ডস হেরে যায় তাহলে গ্রিস কোয়ালিফাই করবে আর নেদারল্যান্ডস তৃতীয় হবে। আর নেশন্স লিগে নেদারল্যান্ডসের অবস্থান আয়ারল্যান্ডের থেকে ভালো থাকায় তারা প্লে অফের জন্য চলে যাবে।

তাই আজ রাতে ডাচদের বিপক্ষে হারলে আইরিশদের ভালোই লাগবে।