গত কয়েকদিন ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার অভ্যন্তরে ও বাইরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটি পুরোপুরি অবরুদ্ধ করার কারণে নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ)প্রায় সব রোগীরই মৃত্যু হয়েছে।
এবার আল-শিফা হাসপাতাল এক ঘণ্টার মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। শনিবার (১৮ নভেম্বর) এমন নির্দেশনা দেওয়া হয়। এ খবর জানিয়েছে আল জাজিরা।
এক সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে যে ইসরায়েলি বাহিনী আল-শিফা হাসপাতালে ডাক্তার, রোগী এবং বাস্তুচ্যুত ব্যক্তিসহ সবাইকে - মেডিকেল কম্পাউন্ড খালি করার জন্য এক ঘন্টা সময় দিয়েছে।
একজন চিকিৎসক আলজাজিরা জানিয়েছে যে, ‘ইসরায়েলি সেনাবাহিনী তাদের সবাইকে এক ঘণ্টা সময় বেধে দিয়ে আল-রশিদ সড়ক দিয়ে সরে যেতে বলেছে। এই সড়ককে ফিলিস্তিনিরা সমুদ্র সড়ক বলে ডাকে।’
এই চিকিৎসক জানিয়েছেন, গাজার দক্ষিণ দিকে সরে যাওয়ার জন্য সাধারণ মানুষ যে সড়ক ব্যবহার করছেন— এটি সেই সড়ক নয়। ইসরায়েলি সেনাদের নির্দেশনা অনুযায়ী, সাধারণ মানুষ মূলত সালাহ আল-দিন সড়ক ব্যবহার করেন।
এই চিকিৎসক আরও জানিয়েছেন, ইসরায়েলিদের বেধে দেওয়া এক ঘণ্টা সময়ের মধ্যে হাসপাতালের সব মানুষকে সরিয়ে নেওয়া অসম্ভব। কারণ রোগী ও ইনকিউবেটরে থাকা শিশুদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স তাদের কাছে নেই।
এছাড়া ইসরায়েলি বাহিনী তাদেরকে তায়াতের কোনো মাধ্যম, অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ির জন্য জ্বালানি দিয়েও সহায়তা করেনি।
এক ঘণ্টার মধ্যে রোগীসহ সরে যাওয়ার নির্দেশনাকে ‘একটি বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
আল জাজিরা আরও জানিয়েছে যে, ইসরায়েলের এ নির্দেশে রোগী, চিকিৎসা কর্মী এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে ভয় ও আতঙ্ক দেখা দিয়েছে।