বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ভরত চন্দ্র বর্মন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন তার সহকর্মী আলামিন হোসেন (২৫)। নিহত ভরত চন্দ্র বর্মন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার নওটিকা গ্রামের শীতল চন্দের ছেলে।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকার সেলিনা পেট্রল পাম্প সংলগ্ন ফরিদ ভলকানাইজিং এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নাটোর থেকে ভরত চন্দ্র মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে নন্দীগ্রাম ফরিদ ভলকানাইজিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভরত চন্দ্র বর্মন মারা যান। মোটরসাইকেলে পেছনে থাকা আলামিন হোসেন ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, ঘটনাস্থল থেকে ভরত চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।