চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম রিপু আক্তার (২২)। আজ শনিবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা খোন্দকার পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মোহাম্মদ এমরান ড্রাইভারের স্ত্রী রিপু আক্তার। তিনি চন্দ্রঘোনা মোল্লাপাড়ায় সকালে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। খোন্দকার পাড়ার ফোরকানিয়া মাদ্রাসা পুকুরে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে তল্লাশি চালিয়ে গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হাছান সিকদার বলেন, মৃত রিপু আক্তার কদমতলী গ্রামের মো. জামালের পুত্র এমরান ড্রাইভারের স্ত্রী। সাত মাস আগে তাদের বিয়ে হয়। নিহত গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুকুর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।