রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, শ্যামপুরের বাসেদ স্টিল মিলের শ্রমিক রবিউল ইসলাম (২৭), আমিরুল ইসলাম (৩৫), শাহ আলম (৩৫) ও মাজহারুল ইসলাম (৩৭)।
স্টিল মিলের আরেক শ্রমিক মাইনুল হোসেন জানান, রাতে তিনি খবর পান স্টিল মিলের ভিতরে বিস্ফোরণ হয়েছে। এতে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে তিনি সেখান থেকে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে কারখানাটিতে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের ৪ জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে। এদের মধ্যে রবিউলের মুখমণ্ডলের কিছুটা পুড়ে গেছে। আর আমিরুলের দুই হাতে সামান্য দগ্ধ হয়েছে। এছাড়া বাকি দুইজনের একেবারে সামান্য দগ্ধ এবং ধোয়ায় কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।