দিনাজপুরে নিজের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ নয় বছর ধরে কোনো খোঁজ ছিল না ৭০ বছরের বৃদ্ধা সুফিয়া বেওয়ার। অবশেষে তাকে পাওয়া গেল নীলফামারীর ডিমলা উপজেলার চাপানী বাজারে। গত শুক্রবার বিকেলে বৃদ্ধাকে উদ্ধার করে ডিমলা থানা পুলিশ। এরপর খুঁজে বের করা হয় বৃদ্ধার পরিবারকে।
গতকাল শনিবার সকাল হতে না হতেই ডিমলা থানায় হাজির হন বৃদ্ধার স্বজনরা। বৃদ্ধা সুফিয়াকে তার ছেলে বাবুল হোসেন (৫১) ও মেয়ে ফাতেমা আক্তারের (৫০) কাছে হস্তান্তর করেন ডিমলা থানার ওসি দেবাশীষ রায়। মা সুফিয়া খাতুনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা আবেগআপ্লুত হয়ে পড়েন। বৃদ্ধা সুফিয়া বেওয়া দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
সুফিয়া বেওয়ার ছেলে বাবুল হোসেন দেশ রূপান্তরকে জানান, নয় বছর আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তার মা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পাঁচ বছর আগে তাদের বাবাও মারা যান। পুলিশের চেষ্টায় হারানো মাকে এতদিন পর ফিরে পেয়ে আমরা অনেক খুশি। তবে বাবা আজ বেঁচে নেই।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধা গত আট থেকে নয় বছর ধরে চাপানি বাজারে অবস্থান করছিল। এলাকার মানুষজন তাকে তিনবেলা খেতে দিত। পরে বিষয়টি পুলিশকে জানায় এলাকাবাসী।
ডিমলা থানা পুলিশের উপপরিদর্শক আফছার আলী বলেন, চাপানি বাজারের একটি গলিতে ওই বৃদ্ধা মানবেতর জীবনযাপন করছিলেন। তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন। তার দেওয়া আংশিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন থানায় খোঁজখবর নিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।
ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, ‘বৃদ্ধার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বীরগঞ্জ থানায় বৃদ্ধার ছবি পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা করা হয়।