ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ। আর কিছুক্ষণ পরই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সময়ের সঙ্গেই সমর্থকে ভরে যাচ্ছে গ্যালারি।
এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার। আয়োজকদের আশা ফাইনালে পূর্ণ হবে গ্যালারি।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত এই মাঠের গ্যালারি পুরোপুরি ভরেনি কোনো ম্যাচে। তবে যতটুকু হয়েছে, তাতেই রেকর্ডে দুই দফায় নাম উঠে গেছে।
২০২২ সালে আইপিএলের ফাইনালে এই মাঠে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও ঘরের দল গুজরাট টাইটান্স। গুজরাটের শিরোপা জয়ের সেই ম্যাচে মাঠে ছিলেন ১ লাখ ১ হাজার ৫৫৬ দর্শক। বেশি দর্শক উপস্থিতির টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে তা জায়গা পায় গিনেস ওয়ার্ল্ড রেকডর্সে। গত মার্চেই আরেক দফায় রেকর্ড বইয়ে উঠে এই স্টেডিয়ামের নাম। ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনে মাঠে ছিলেন ১ লাখ দর্শক।