ভারতের সংগীত পরিচালক এ আর রহমানের বিকৃত সুরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি সব অনলাইন প্ল্যাটফরম থেকে সরাতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার আইন ও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, সোলায়মান তুষার, মাহদি জামান, শেখ মঈনুল করিম, আহমেদ ফারজাদ, শহিদুল ইসলাম, শাহেদ সিদ্দিকী, আনাস মিয়া ও বাহাউদ্দিন ইমরানের পক্ষে এ নোটিস পাঠানো হয়। ডাক ও ইমেইলযোগে তথ্য ও সম্প্রচার সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানের উদ্দেশে এ নোটিস পাঠানো হয়েছে। নোটিস পাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওটিটি ও ওয়েবসাইট থেকে এ আর রহমানের সুরে গাওয়া ওই গান অপসারণ করতে বলা হয়েছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘পিপ্পা’তে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘কারার ঐ লৌহ কপাট’ গানের রিমেক ব্যবহার হয়েছে। এতে সুর করেছেন অস্কারজয়ী ভারতের সংগীত পরিচালক এ আর রহমান। গানটিতে সুর বিকৃত করার অভিযোগে সমালোচনা চলছে। নোটিসে বলা হয়, কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিতে অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান নতুনভাবে সুরারোপ করেছেন।