গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৬ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের তীব্র বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ছয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ৫৫ ফিলিস্তিনি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।  ফিলিস্তিনের গণমাধ্যমবিষয়ক পর্যবেক্ষক সংস্থা এমএডিএ, ফিলিস্তিনি প্রেস সিন্ডিকেটের তথ্য ও হামলার ভিডিও পর্যালোচনা করে ছয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিকরা হলেন, সাংবাদিক মুস্তফা আল-সাওয়াফ, আলোকচিত্রী মুসাব আশৌর, আল-আকসা টেলিভিশনের প্রকৌশলী আমর আবু হায়া, আল-আকসা টেলিভিশনের প্রশাসক আব্দু আলহালিম আওয়াদ।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে গাজা উপত্যকার বুরেইজি শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা হামলায় কুদস নিউজে কর্মরত দুই সাংবাদিক নিহত হন। তারা হলেন সাংবাদিক সারি মনসুর ও হাসুনেহ সেলিম।

এছাড়া একই দিন সাংবাদিক এবং ফিলিস্তিনের বেসরকারি সংস্থা প্রেস হাউসের প্রধান বেলাল জাদাল্লাহ ও নিহত হয়েছেন এবং তার ফার্মাসিস্ট শ্যালক গুরুতর আহত হয়েছেন। রয়টার্সকে এ খবর জানিয়েছে তার বোন এবং অন্যান্য আত্মীয়রা।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে যে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪৮ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকদের বেশিরভাগই ফিলিস্তিনি।