বিশ্বকাপ জুড়েই ভারতীয় দল আগ্রাসী ক্রিকেট খেলেছে। কিন্তু ফাইনালের মঞ্চে কী কিছুটা ভড়কে গিয়েছিল তারা? দলটির কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, আগের ম্যাচগুলোর মতোই ভয়ডরহীন ক্রিকেট খেলেছে ভারত।
টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে জায়গা করে নিয়েছিল স্বাগতিকরা। তাদের খেলার ধরনও ছিল দেখার মতো। কোনো দলকেই পাত্তা না দিয়ে দুর্বার গতিতে ছুটছিল তারা। কিন্তু যখন জয় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই ছন্দ হারিয়ে ফেলে ভারত। আর তাতেই ভাঙে তাদের হৃদয়, স্বপ্ন, আশা।
আহমেদাবাদে গতকাল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ভারত। আগে ব্যাটিং করলে যেখানে বিশাল সব পুঁজি গড়ছিল দলটির, সেখানে কাল তারা করতে পেরেছে মোটে ২৪০ রান। যদিও শুরুতে ৩ উইকেট তুলে নিয়ে তারা জাগিয়েছিল ভালো কিছুর সম্ভাবনা। কিন্তু ট্রাভিস হেডের সেঞ্চুরি ও মারনাস লাবুশেনের ফিফটিতে আর পেরে ওঠেনি দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা দ্রাবিড়কে প্রশ্ন করা হয় এই ম্যাচে ভারতের সাহসিকতা নিয়ে। উত্তরে ভারত কোচ বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না যে এই টুর্নামেন্টে ভয় নিয়ে খেলেছি। এই ফাইনাল ম্যাচেও ১০ ওভারে ৮০ রান ছিল আমাদের। এরপর আমরা উইকেট হারিয়েছি। যখন আপনি উইকেট হারাবেন, আপনার কৌশল ও টেকটিকস বদলাতে হবে। আমরা এই টুর্নামেন্টে ওটাই করেছি। ’
ফাইনালে নামার আগে পরিষ্কারভাবেই ফেভারিট ছিল ভারত। এই বিশ্বকাপে আগের ১০ ম্যাচের একটিতেও হারেনি তারা। কোনো দল সেভাবে ম্যাচ ক্লোজও করতে পারেননি। একদম ফাইনালে এসে ম্যাচ হেরে যাওয়ার ধাক্কাটা কেমন?
রাহুল বলেন, ‘আমরা ফেভারিট ছিলাম কারণ আমরা ভালো খেলেছি কিন্তু আপনাকে এটাও মানতে হবে অস্ট্রেলিয়া খুব ভালো দল। তারাও ফাইনাল খেলতে এসেছিল টানা আট ম্যাচ জিতে। আমাদের এ নিয়ে কোনো সংশয় ছিল না কঠিন ম্যাচ হবে। এমনিতে আমাদের আত্মবিশ্বাস ছিল যদি ভালো খেলি তাহলে সঠিক ফলটা পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত, নির্দিষ্ট দিনে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। ’