বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি এবং গণবিরোধী নির্বাচনী তফসিল এর প্রতিবাদে দেশব্যাপী বিএনপি’র ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা
আজ সোমবার (২০ নভেম্বর) সকালে বিজয়নগর পানির পাম্প থেকে পুরানা পল্টন মোড় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও পিকেটিং কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় মিছিল শেষে নেতা-কর্মীরা রাস্তায় পিকেটিং করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয় এবং পিকেটিংকালে বিজয়নগর পানির পাম্প থেকে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করলে নেতা-কর্মীরা রাস্তা ছেড়ে চলে যায়।
এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপি ও সমমনা দল কর্তৃক এক দফা দাবির সারাদেশে ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থন জানিয়ে আমরা মিছিল ও পিকেটিং করেছি। আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। শত গ্রেপ্তার সত্ত্বেও, যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে এবং হরতাল অবরোধ সফল করবেই।