সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল বহিষ্কার

গুপ্তছড়া ফেরিঘাটে স্পিডবোট বন্ধ ও চিকিৎসার সুযোগ না পাওয়ায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে শহিদুল ইসলামকে ঘিরে অভিযোগ ওঠার পরই এ সিদ্ধান্তের খবর আসে।

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ১১:০৬ এএম

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলামকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়।

শনিবার (২২ আগস্ট) চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদমর্যাদার মোহাম্মদ নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলামকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত শনিবার অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত শহিদুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সন্দ্বীপ শাখার একটি সূত্র জানায়, সম্প্রতি সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে চাঁদাবাজির প্রতিবাদে স্পিডবোট বন্ধের কারণে চিকিৎসার সুযোগ না পেয়ে এক মুক্তিযোদ্ধার চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদল নেতা শহিদুল ইসলামকে জড়িয়ে অভিযোগ ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত