ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে ওই গৃহবধূ বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত ওই জনপ্রতিনিধি হলেন— উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মো. জাহাঙ্গীর শিকদার (৩৫)। তিনি ওই ইউনিয়নের মুড়াইল গ্রামের ইব্রাহীম শিকদারের ছেলে। গৃহবধূর স্বামী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী অন্যের ক্ষেতে-খামারে কাজ করে সংসার চালান। আর গৃহবধূ বুদ্ধি প্রতিবন্ধী। মাঝেমধ্যে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদার তার বাড়িতে কাজের জন্য ওই গৃহবধূকে নিয়ে যেতেন। তার সহজ সরলতার সুযোগে ভয়-ভীতি দেখিয়ে গৃহবধূকে প্রায়ই ধর্ষণ করতেন। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি ওই গৃহবধূ ধর্ষণের কথা তার স্বামীকে খুলে বলেন। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। 

অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) বর্তমানে পলাতক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ভুক্তভোগীর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত রবিবার লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, বিষয়টি আমিও জেনেছি। ইউএনও অভিযুক্ত মেম্বারকে শোকজ করেছেন। মেম্বার কি জবাব দেয় দেখা যাক। তিনি আরও বলেন, আমরা জনপ্রতিনিধিরা বিভিন্ন অপরাধের বিচার করি, আর এখন আমরাই বিচারের মুখোমুখি। 

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, আমরা তাকে শোকজ করেছি। এ ব্যাপারে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।