গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে মাকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান ও একমাত্র আসামি সোহরাব হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা-পুলিশ। ঘটনার পাঁচ দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানার র্যালির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সোহরাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সোহরাব হোসেন নেত্রকোনা সদরের ভাসাটি গ্রামের মৃত আদম আলীর ছেলে। তিনি পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় পানের ব্যবসা করতেন। অভিযোগের পর থেকে তিনি পলাতক ছিলেন।
জানা যায়, গত মঙ্গলবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ওই নারীকে সহায়তার কথা বলে কৌশলে অন্ধকারে নিয়ে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী নারী অভিযোগ করেন। সে সময় তিনি সোহরাব হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। ঘটনার এক দিন পর ওই নারী দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তা এলাকায় বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলায় পানব্যবসায়ী সোহরাব হোসেনকে একমাত্র আসামি করা হয়।
শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলার একমাত্র আসামি সোহরাব হোসেনকে ময়মনসিংহ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শ্রীপুরে দুই সন্তানের সামনে ধর্ষণের অভিযোগ
‘ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ’, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ