ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ১৩ হাজার

চলমান ইসরায়েল ও হামাস যুদ্ধকে ঘিরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার আগ্রাসন, হামলা ও অভিযানে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৩ হাজারে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে সাড়ে পাঁচ হাজারেরও বেশি শিশু এবং সাড়ে তিন হাজারেরও বেশি নারী রয়েছেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া গত দেড় মাসে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। যাদের মধ্যে ৭৫ শতাংশই শিশু এবং নারী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, আহত ও নিহতদের পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। এদের বেশিরভাগই বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় আছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে গাজা সরকারের গণমাধ্যম কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের হামলায় ৪৩ হাজারের বেশি আবাসন ইউনিট পুরোপুরি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত আবাসন ইউনিটের সংখ্যা ২ লাখ ২৫ হাজার। অর্থাৎ গাজা উপত্যকার ৬০ শতাংশ আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, উপত্যকার জ্বালানি, ওষুধ ও চিকিৎসা উপকরণের অভাবে উপত্যকার ২৫টি হাসপাতাল ও ৫২টি স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা সেবা দিতে অক্ষম হয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের অন্তত ৫৫টি অ্যাম্বুলেন্সে বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সে সময় হামাসের হামলায় দেশটিতে প্রায় ১২০০ জন নিহত হন। এ ছাড়া প্রায় আড়াইশ ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।