বিশ্বকাপ সেরা একাদশে ভারতের ৬ জন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ২ জন

প্রায় দেড় মাসের পথচলা শেষে গতকাল পর্দা নেমেছে ওয়ানডের ত্রয়োদশ বিশ্বকাপের। পরদিনই এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলে থেকে আছেন কেবল দুজন!

রোহিত শর্মাকে অধিনায়ক করা এই দলে সুযোগ পেয়েছেন পাঁচ দেশের ক্রিকেটার। রোহিতসহ সর্বোচ্চ ছয় জন ক্রিকেটার আছেন রানার্সআপ ভারতীয় দল থেকে। অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে আছেন একজন করে।

৪ সেঞ্চুরিতে ৫৯৪ রানের সঙ্গে উইকেটের পেছনে ২০টি ডিসমিসাল নেওয়া দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে রাখা হয়েছে ওপেনিংয়ে। তার সঙ্গে ইনিংস শুরু করবেন ১২৫.৪০ স্ট্রাইক রেটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৫৯৭ রান করা রোহিত। টপ অর্ডারের আরেকজন হলেনটুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া বিরাট কোহলি। তিন সেঞ্চুরির সঙ্গে ছয় ফিফটিতে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৭৬৫ রানের রেকর্ড গড়েছেন তিনি।

নিউজিল্যান্ডের সেমিফাইনাল পর্যন্ত যাত্রায় বড় অবদান রেখে দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে ৫৫২ রান করেছেন ড্যারিল মিচেল। পাঁচে ৪৫২ রান করা ভারতের কিপার-ব্যাটসম্যান লোকেশ রাহুল। তবে উইকেটের পেছনের দায়িত্বে থাকছেন ডি ককই। অলরাউন্ডার হিসেবে এই দলে রাখা হয়েছে ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাদেজাকে। টুর্নামেন্টের একমাত্র ডাবল সেঞ্চুরিসহ ১৫০.৩৭ স্ট্রাইক রেটে ম্যাক্সওয়েল করেছেন ৪০০ রান। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। জাদেজা ১২০ রানের সঙ্গে বাঁহাতি স্পিনে ধরেছেন ১৬ শিকার।

দলে বিশেষজ্ঞ তিন পেসার জাসপ্রিত বুমরা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ শামি। বোলিং আক্রমণে তাদের সঙ্গী লেগ স্পিনার জাম্পা। টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছেন ভারতের শামি। তার চেয়ে একটি কম পেয়েছেন জাম্পা। প্রথম পর্বেই বাদ পড়া শ্রীলঙ্কার মাদুশঙ্কা  আসর শেষ করেছেন ২১ উইকেট নিয়ে। ভারতের বুমরা ধরেছেন ২০ শিকার। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে জেরাল্ড কোটজেকে। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার ৮ ইনিংসে পেয়েছেন ২০ উইকেট।

বিশ্বকাপের সেরা একাদশ বাছাইয়ের দায়িত্বে ছিলেন তিন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, কাস নাইড়ু ও শেন ওয়াটসন, আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক ওয়াসিম খান, আহমেদাবাদ মিররের সাংবাদিক সুনিল ভৈদ্য।

আইসিসি পুরুষ বিশ্বকাপ ২০২৩ এর দল (ব্যাটিং অর্ডারে):

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক) (দক্ষিণ আফ্রিকা)- ৫৯.৪০ গড়ে ৫৯৪ রান

রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত)- ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান

বিরাট কোহলি (ভারত)- ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান

ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)- ৬৯ গড়ে ৫৫২ রান

লোকেশ রাহুল (ভারত)- ৭৫.৩৩ গড়ে ৪৫২ রান

গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)- ৬৬.৬৬ গড়ে ৪০০ রান ও ৫৫ গড়ে ৬ উইকেট

রবীন্দ্র জাদেজা (ভারত)- ৪০ গড়ে ১২০ রান ও ২৪.৮৭ গড়ে ১৬ উইকেট

জাসপ্রিত বুমরা (ভারত)- ১৮.৬৫ গড়ে ২০ উইকেট

দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা)- ২৫ গড়ে ২১ উইকেট

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)- ২২.৩৯ গড়ে ২৩ উইকেট

মোহাম্মদ শামি (ভারত)- ১০.৭০ গড়ে ২৪ উইকেট

দ্বাদশ খেলোয়াড়:

জেরাল্ড কোটজে (দক্ষিণ আফ্রিকা)- ১৯.৮০ গড়ে ২০ উইকেট