ধর্মীয় নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের মেয়রের বৈঠক

দখলদার ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাবে নিউ ইয়র্কে ঘৃণামূলক অপরাধের মাত্রা বেড়ে গেছে। এ অবস্থায় নিউ ইয়র্ক সিটির মুসলমান, ইহুদি ও খ্রিস্টান ধর্মীয় এবং কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

কীভাবে ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে লড়াই করা যায়, তা নিয়ে বৈঠকে মতবিনিময় হয়। ধর্মীয় নেতারা মেয়রের সামনে তাদের বক্তব্য তুলে ধরেছেন। মেয়র অ্যাডামস তার বক্তব্যে বলেন, ‘নিউ ইয়র্ক শহরে ঘৃণার কোনো স্থান নেই। আমাদের আশপাশে যা ঘটছে, সেটা দুঃখজনক। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও বাড়াতে হবে।’

এরিক অ্যাডামস আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি হলোজ্বা আমাদের বৈচিত্র্য, কারণ এই সিটিতে নানা বর্ণ-গোত্র আর ধর্মের মানুষের বসবাস। কিন্তু ইদানীং আমরা সেই বৈচিত্র্যের শক্তিকে হারিয়ে ফেলছি। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম শামসি আলি, কাউন্সিল অব পিপলস অরগানাইজেশনের সিইও মোহাম্মদ রাজভি, গ্লোবাল দাওয়াহ টেলিভিশন আইটিভি ইউএসএ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহীদুল্লাহ, মুসলিম কমিউনিটি অ্যাক্টিভিস্ট শেখ মুসা, কমিউনিটি রিলেশন্স কাউন্সিলের পরিচালক বব কাপলান, রাজা কমিউনিটি সেন্টারের রাজা আজাদ গুল, শেফহার্ডিক কমিউনিটি লিডার আদ্রিয়েনে শামি এবং জো শামি, ইকরা মসজিদ কমিউনিটির ইমাম আহমেদ আলী উজিরসহ আরও অনেক ধর্মীয় নেতা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট।

মতবিনিময় সভায় মুহাম্মদ শহীদুল্লাহ তার বক্তব্যে বলেন, আমার ধর্ম ইসলাম সবাইকে সঙ্গে নিয়ে চলতে শিখিয়েছে। একজন মুসলিম হিসেবে আমি স্পষ্ট বলতে চাই, নিউ ইয়র্কে কোনো ঘৃণার অস্তিত্ব থাকতে পারে না।