কারা কর্মকর্তাদের পদোন্নতিসংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হককে তলব করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ৪ ডিসেম্বর দুজনকে হাজির হয়ে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। ওইদিন আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি হবে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, কারা অধিদপ্তরের ছয়জন কর্মকর্তা ২০০৮ সালে জেল সুপারের দায়িত্বে থাকাকালে ১৯৮৪ সালের অফিসার্স অ্যান্ড স্টাফ (ডিপার্টমেন্ট অব প্রিজনস) রিক্রুটমেন্ট বিধিমালার আলোকে পদোন্নতি পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তা নাকচ হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করলে তাদের পক্ষে রায় হয়। প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে আবেদন করলে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এ রায়ের বিরুদ্ধে ছয়জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করলে ২০১৯ সালের ১৫ এপ্রিল তা খারিজ হয়ে যায়। আপিল বিভাগের এ রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করলে ওই বছরের ২২ এপ্রিল রায় তাদের পক্ষে আসে।
তবে সর্বোচ্চ আদালতের এ রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্রের সুরক্ষা সচিব ও আইজি প্রিজনসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। গত ৬ নভেম্বর ছয়জনের পদোন্নতির বিষয়ে দুই সপ্তাহের সময় নেয় কারা কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় গতকাল কারা কর্তৃপক্ষ গত ১৬ নভেম্বর বিভাগীয় পদোন্নতি কমিটির সিদ্ধান্তের বিষয়ে আদালতকে অবহিত করে জানায়, এই ছয়জনকে ১৯৮৪ সালের ওই নিয়োগ বিধির আওতায় পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। এর পরিপ্রেক্ষিতে সুরক্ষা সচিব ও আইজি প্রিজনসকে তলব করে আপিল বিভাগ।
আদালতে বাদীপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল। কারা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী সফিকুল ইসলাম।