সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন আকবর হোসেন পাগলা (৬০)। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। এতে ট্রেনে কাটা পড়ে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয় তার।
মঙ্গলবার সকালে নীলফামারীর সদরের গাছবাড়ি রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর হোসেন পাগলা শহরের মুন্সীপাড়া (বাড়াইপাড়া) এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আকবর হোসেন দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো রেললাইনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল আকবর। এসময় এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী রেলস্টেশন ছেড়ে গাছবাড়ি রেলক্রসিং আসলে দূর থেকে আসা ট্রেনটি দেখে লাইনের ওপর মাথা পেতে দেন তিনি। ফলে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, রেলওয়ে পুলিশ আইনি কার্যক্রম সম্পন্ন করেছেন। এ ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।