মাদারীপুর সদরের ঋণের চাপ সহ্য করতে না পেরে বিলকিস বেগম নামে এক নারী ঘাস মারার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ মে রাত ১১টার দিকে নিজ বসতবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে ঘাস মারার বিষ পান করেন তিনি।
মৃত বিলকিস বেগম উপজেলার পশ্চিম খৈয়রভাংগা গ্রামের খালেক মুন্সির স্ত্রী।
পরিবার জানায়, বিলকিস বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও সমিতি থেকে ঋণ নিয়ে ছিলেন। সময়মতো ঋণের টাকা পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একে কেন্দ্র করে ১৭ মে রাত আনুমানিক ১১টার দিকে নিজ বসতবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে ঘাস মারার বিষ পান করেন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহিলা মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঋণের চাপের কারণে বিষপান করে আত্মহত্যার চেষ্টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
