বোর্ড নিষিদ্ধ, তবে শ্রীলঙ্কা ক্রিকেট খেলতে পারবে

যুব বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিল আইসিসি

রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কান ক্রিকেটে যে খড়গ বসিয়েছিল আইসিসি, সেটি আরও দীর্ঘ হতে যাচ্ছে। এবার দেশটির কাছ থেকে বিশ্বকাপের আয়োজক স্বত্ব কেড়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর বসরা কথা ছিল। সেখান থেকে সরিয়ে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আইসিসির এক জরুরি সভায় আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার ভারতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের দুদিনের মধ্যে আহমেদাবাদে আইসিসির নির্বাহী বোর্ডের সভায় বসেছে আজ সকালে। সেখানে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, লঙ্কান ক্রিকেট ও ওয়ানডে ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আগেই শোনা গিয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকিনফো।

দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্য পদ কেড়ে নিয়ে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করে দেয় আইসিসি। আজকের বৈঠকেও বহাল রাখা হয়েছে সেই নিষেধাজ্ঞা। সহসাই লঙ্কানরা সদস্য ফিরে পাচ্ছে না বলেই সেখান থেকে আসন্ন বিশ্বকাপও সরিয়ে নেওয়ার এমন সিদ্ধান্ত।

ক্রিকবাজ জানিয়েছে, 'সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে যে নিষেধাজ্ঞা এখনই উঠিয়ে নেওয়া হবে না। তবে দেশটিতে স্বাভাবিক প্রক্রিয়ায় ক্রিকেট চালু থাকবে।' আইসিসির এই সভায় অংশগ্রহণ করেছে সাম্প্রতিক সময়ে লঙ্কান বোর্ডের (এসএলসি) প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত শাম্মি সিলভা।

আইসিসি আরও সিদ্ধান্ত নিয়েছে যে এসএলসির স্থগিতাদেশ সত্ত্বেও শ্রীলঙ্কা দল আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাবে। স্থগিত হওয়া এসএলসির মাধ্যমে খেলাটি চালানো হবে, যা নিয়ন্ত্রিত তহবিল পাবে। 'আমি আইসিসি বোর্ডকে অনুরোধ করেছি খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য এবং সদস্যরা আমাদের অনুরোধ বহাল রেখেছেন' জানিয়ে শাম্মি সিলভা বলেছেন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলও অংশ নেবে।

পূর্বানির্ধারিত সূচি অনুযায়ী– অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টুর্নামেন্ট ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা ছিল। তবে একই সময়ে দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০। যার সূচি রয়েছে ১০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি টুর্নামেন্টই একই সময়ে আয়োজন করা যেতে পারে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি আসরটি স্বাধীনভাবে আয়োজনের সুযোগ রয়েছে সিএসএ’র স্বায়ত্তশাসিত কমিটির।