ছাত্রলীগ নেতার বাসায় ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণ, নিহত ১

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এক ছাত্রলীগ নেতার বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জনতা বাজার সংলগ্ন আজহার মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মনির বয়াতি।

মঙ্গলবার সকালে আহত মনিরকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এঘটনায় ফিরোজ নামে আরও এক যুবক গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, আজহার মাঝির ছেলে ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জয়ের সহযোগিতায় তার বাসায় বোমা তৈরি হচ্ছিল।

স্থানীয়রা জানান, ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন আজাহার মাঝির বাড়িতে সোমবার রাত ৩টার দিকে মনির বয়াতি ও ফিরোজ বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়। এতে মনির বয়াতি ও ফিরোজ গুরুতর আহত হন। এসময় তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে আহত মনির বয়াতির মারা যায়।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। জেলা ছাত্রলীগের কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।’

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভোলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছি। এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।