শাস্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী

তুচ্ছ ঘটনায় সহপাঠীদের অকথ্য ভাষায় গালিগালাজ, মাদকদ্রব্য সেবন, অনেক রাত পর্যন্ত ছেলেমেয়েদের মাঠে আটকে রেখে গালিগালাজসহ বিভিন্ন অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী শাস্তি পেয়েছেন। এদের মধ্যে তিনজনকে জরিমানাসহ দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় নেওয়া এসব সিদ্ধান্ত আজ মঙ্গলবার বিকেলে জানানো হয়।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ফার্মেসি ডিসিপ্লিনের সাইফ নেওয়াজ, মো. সুমন রহমান, সানজিদা আফরিন ময়ূরী, মো. নূর আলম ও মো. বনি আমিন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মুহাম্মদ জারিফ ও হিজবুল্লাহ তামিম এবং নগর ও গ্রামীণ পরিকল্পনার (নগ্রাপ) শিক্ষার্থী মো. কবিরুল ইসলাম বিন্দু, সন্দীপ পাল ও মোজতাবা ফাহিম।

এদের মধ্যে সাইফ নেওয়াজকে ২০ হাজার টাকা জরিমানা, সুমন রহমানকে ৫ হাজার টাকা জরিমানা, সানজিদা আফরিন ময়ূরীকে ১৫ হাজার টাকা জরিমানা, নূর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা ও বনি আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মুহাম্মদ জারিফকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ ছাড়া মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. কবিরুল ইসলাম বিন্দুকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সন্দীপ পাল ও মোজতাবা ফাজিমকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া হিজবুল্লাহ তামিমকে সতর্ক করা হয়েছে।

এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিটন বলেন, বিভিন্ন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার অভিযুক্ত  শিক্ষার্থীদের বিরুদ্ধে উক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে শাস্তির বিষয়ে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করা যাবে।