কুয়েটের ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্কবার্তা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) সংঘর্ষের ঘটনায় ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, আর সতর্কবার্তা দেওয়া হয়েছে আরও ৩২ জনকে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সোমবার শাস্তিপ্রাপ্তদের কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়। 

কমিটির সদস্য সচিব জানান, ১ শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং চারজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ৩২ জনকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, বহিষ্কৃতদের মধ্যে এমএসসি পর্যায়ের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য এবং চামড়া প্রকৌশল, টেক্সটাইল ও ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে ঘটে যাওয়া সংঘর্ষের পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগপত্র, ভিডিও ফুটেজ ও কারণ দর্শানোর নোটিশ পর্যালোচনা করে আগস্টের শেষভাগ ও সেপ্টেম্বরে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে পৌঁছে কমিটি।

এর আগে সংঘর্ষের পর প্রথম দিকে মোট সাঁইত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল, যদিও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়। পরবর্তীতে কয়েক দফা প্রশাসনিক পরিবর্তনের পর জুলাইয়ের শেষ দিকে কুয়েটে নিয়মিত একাডেমিক কার্যক্রম ফের শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত