লেবাবনের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এ হামলা চালানো হয়। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাথে লেবাননের সীমান্তের কাছে রকেট হামলায় দুই সাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। ইসরায়েল সীমান্ত থেকে ১ দশমিক ৬ কিলোমিটার দূরে লেবাননের তীর হারফা শহরের কাছে এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ইসরায়েলের রকেট হামলায় লেবাননে নিহত দুই সাংবাদিক দেশটির আল-মায়াদিন টেলিভিশনে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আল-মায়াদিন কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের যুদ্ধবিমান থেকে চালানো হামলায় আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কের প্রতিনিধি ফারাহ ওমর ও ক্যামেরাম্যান রাবিহ মামারি নিহত হয়েছেন।
এক বিবৃতিতে আল-মায়াদিন কর্তৃপক্ষ বলেছে, মঙ্গলবার সকালের দিকে দক্ষিণ লেবাননের তাইর হারফা এলাকা থেকে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে টেলিভিশনে লাইভ সম্প্রচার করছিলেন ফারাহ ওমর। লাইভ সম্প্রচার শেষ হওয়ার সাথে সাথে তাদের লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দুটি রকেট ছোড়া হয়।
আল-মায়াদিন টেলিভিশনের পরিচালক ঘাসান বিন জিদ্দো জানিয়েছেন, নিহত তৃতীয় বেসামরিক ব্যক্তিও তাদের প্রদায়ক হিসেবে কাজ করতেন।