ইরানে নেই মোজতবা খামেনি, দাবি ইসরায়েলি সূত্রের

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে ইরানে অবস্থান করছেন না বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাথ রবিবার (১৯ জুলাই) ওই সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে তেহরানে ক্ষমতার অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জনসমক্ষে আর দেখা দেননি। এ সময় তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ করেছেন। এমনকি বাবার জানাজা ও দাফান অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

বার্তা সংস্থা রয়টার্সের উদ্ধৃত সূত্রগুলোর দাবি, হামলায় গুরুতরভাবে আহত হওয়ার পর তিনি এখনো শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন।

ইসরায়েলি নিরাপত্তা সূত্রটি আল-হাদাথকে আরও দাবি করেছে, মোজতবা খামেনির নামে প্রকাশিত সরকারি বার্তাগুলো মূলত সদ্য নিয়োগপ্রাপ্ত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান আহমদ বাহিদি এবং বাহিনীর আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে।

সূত্রটির ভাষ্য, "ইরানের অভ্যন্তরীণ বিভাজন গভীর হয়েছে এবং তা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের অস্তিত্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।"

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই তেহরানে বড় ধরনের ক্ষমতার লড়াই শুরু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কট্টরপন্থী গোষ্ঠীগুলো সরকারের মধ্যপন্থী নেতৃত্বের বিরুদ্ধে 'নীরব অভ্যুত্থান' (সফট ক্যু) ঘটানোর অভিযোগ তুলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফা কূটনৈতিক সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পর থেকেই এই অভিযোগ সামনে আসে। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত