চারদিন থেকে নিখোঁজ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। গত ১৬ নভেম্বর উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। তারা হলো ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফরহাদ হোসেন ও তার দুই সহপাঠী মিম খাতুন ও তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ছাত্রছাত্রীদের পরিবার ভুরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ জানায়, জিডির পরিপ্রেক্ষিতে ভুরুঙ্গামারী থানার পুলিশ অনুসন্ধান শুরু করে। পরে কক্সবাজার সদরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানার পুলিশ।
জিজ্ঞেসাবাদে তারা জানায়, তানিয়ার দীর্ঘদিনের শখ সে কক্সবাজার সমুদ্রসৈকতে যাবে। এ জন্য সে সহপাঠী ফরহাদ হোসেন ও মিম খাতুনের শরণাপন্ন হয়। পরে তিন সহপাঠী মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজার যায়।
ওসি বলেন, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।