গাজায় পরিবারসহ নিহত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী

যুদ্ধ বিরতির চুক্তিতে সম্মত হলেও চুক্তি কার্যকরের আগ মূহুর্তে গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের সাধারণ নাগরিকের পাশাপাশি নিহত হয়েছেন অসংখ্য সাংবাদিক, জাতিসংঘের কর্মীসহ চিকিৎসকরা।

এবার ইসরায়েলি বাহিনীর হামলায় পরিবারসহ নিহত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মী দিমা আলহাজ।

ইসরায়েলি বাহিনীর হামলায় তার ৬ মাস বয়সী শিশু, তার স্বামী এবং ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান যে, “আমার সহকর্মীরা এবং আমি বিধ্বস্ত। আমরা আজ গাজায় আমাদের নিজেদের একজনকে হারিয়েছি। আমাদের তরুণ সহকর্মী দিমা আলহাজ তার ৬ মাস বয়সী শিশু, তার স্বামী এবং ২ ভাইয়ের সাথে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, “একই বাড়িতে আশ্রয় নেওয়ার কারণে পরিবারের আরও একাধিক সদস্যকেও হত্যা করা হয়েছে বলে জানা গেছে। আমাদের দুঃখ বর্ণনা দেবার মতো ভাষা আমার কাছে নেই।“

গত ৭ অক্টোবর থেকে গাজায় জাতিসংঘের ১০৮ কর্মী নিহত হয়েছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান।

তিনি গাজায় চলমান ভয়াবহতার অবসান চেয়ে সমস্ত বেসামরিক নাগরিকদের রক্ষা করার আহ্বান জানান।