ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার আল শিফা হাসপাতালের পরিচালক

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল শিফাতে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের বাঙ্কার ও টানেল রয়েছে অভিযোগ তুলে কিছুদিন আগেই হাসপাতালটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।  

এরপরই আল শিফা হাসপাতালের নিচে হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার ভিডিও প্রকাশ করে ইসরায়েল সেনারা। যদিও বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে হামাস ও আল শিফার চিকিৎসকরা।

এবার আল শিফা হাসপাতালের পরিচালকসহ কয়েকজন চিকিৎসাকর্মীকে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে হাসপাতালটির আরেকজন চিকিৎসক।

বৃহস্পতিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

আল শিফার বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা জানান, হাসপাতালটির পরিচালক  মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সাথে গ্রেপ্তার করা হয়েছে।

ইসরায়েলি বাহিনী অভিযোগ করেছে যে গাজার সবচেয়ে বড় হাসপাতালটি হামাসের কমান্ড সেন্টার হিসাবে ব্যবহার হয়ে আসছিল। কিন্তু কোন শক্ত প্রমাণ সরবরাহ করতে পারেনি তারা।

অন্যদিকে গাজার আরেক চিকিৎসাকেন্দ্র ইন্দোনেশিয়ান হাসপাতাল চার ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

আল জাজিরার সাথে কথা বলার সময় তিনি বলেন, উত্তর গাজার এই হাসপাতালটিতে চারদিক থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে।